বৈশ্বিক জ্বালানি সংকটের ধাক্কা এসে লাগে বাংলাদেশেও। এ অবস্থায় জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের লক্ষ্যে সরকার প্রণোদনা, সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক ছাড় এবং নীতিগত নানা উদ্যোগ গ্রহণ করে। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করার পাশাপাশি জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগও রাখা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কমানো এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর ফলে দেশে অল্পদিনের ব্যবধানে সৌর বিদ্যুতে প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান নিজের প্রতিষ্ঠান ‘সালেহা অয়েল মিল’-এর বিদ্যুৎ চাহিদা মেটাতে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করেছেন। তার সৌরবিদ্যুৎ ব্যবস্থায় রয়েছে ৯টি প্যানেল, যার মোট উৎপাদনক্ষমতা ৫.২৩ কিলোওয়াট। এটি স্থাপনে তার ব্যয় হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ তিনি নিজ প্রতিষ্ঠানে ব্যবহার করেন। উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করেন।
আখতারুজ্জামান বলেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তিনি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতি মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেন। এ থেকে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় হয় বলে জানান তিনি।
তিনি বলেন, অর্থায়ন পেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়ন সুবিধা থাকলেও সাধারণ গ্রাহকদের সরাসরি ঋণ পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। ফলে আগ্রহ থাকলেও অনেকের পক্ষে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করা কঠিন হয়ে পড়ে।
নিজ উদ্যোগে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে বিদ্যুৎ বিল কমিয়েছেন নওগাঁর নিয়ামতপুরের চকগোপাল গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন। তবে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে নেট মিটারিংয়ের অনুমতি না পাওয়ায় এ সুবিধা চালু করতে পারছেন না বলে জানান তিনি।
সাব্বির হোসেনের সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ৫৮৫ ওয়াট ক্ষমতার সাতটি প্যানেল রয়েছে। সব মিলিয়ে প্যানেলগুলোর স্থাপিত ক্ষমতা ৪ হাজার ৯৫ ওয়াট বা প্রায় ৪ দশমিক ১ কিলোওয়াট-পিক। পুরো ব্যবস্থাটি স্থাপন করতে তার প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় হয়েছে।
তিনি জানান, বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি তিনি পানির উত্তোলনের মোটর চালাতেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এ ব্যবস্থা চালুর পর তার বিদ্যুৎ বিল কমেছে। আগে সাধারণ সময়ে বাসাবাড়ির বিদ্যুৎ বিল প্রায় ১ হাজার ৫০০ টাকা আসত। বর্তমানে তা ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে থাকছে।
আখতারুজ্জামান ও সাব্বির হোসেনের মতো অনেকেরই নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানো, মাসিক বিদ্যুৎ বিল কমানো এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সৌরবিদ্যুতের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বিশেষ করে বাসাবাড়ি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কৃষিকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
একইভাবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে জাতীয় গ্রিডের ওপর দিনের বেলার চাহিদার চাপ কমাতে এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন কমাতেও ভূমিকা রাখছে। ফলে ব্যক্তিগত সাশ্রয়ের পাশাপাশি দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বৈচিত্র্য আনার ক্ষেত্রেও সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় গ্রিডে এর অবদানও বাড়ছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের অবদান ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে।
জাতীয় · ১৩ নভেম্বর ২০২৬ · অপরাহ্ণ ২:০৭ · প্রতিবেদক: সারওয়ার বাবর চৌধুরী
আগ্রহ বাড়ছে সৌরবিদ্যুতে
