যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দরবৃদ্ধিকে কেন্দ্র করে বাড়ছে আমদানি ব্যয়। চলতি অর্থবছরের প্রথম চার মাসে বিভিন্ন পণ্য আমদানিতে দুই হাজার ৯৭৮ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। এ সময়ে এলসি নিষ্পত্তি ১১ দশমিক ৩৮ শতাংশ বেড়ে দুই হাজার ৪৮৬ কোটি ডলারে উঠেছে। এর প্রভাবে ডলারের দর আরও বেড়ে গতকাল আন্তঃব্যাংকে ১২৪ টাকা ৭৫ পয়সা পর্যন্ত দর উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী– চলতি অর্থবছরের প্রথম চার মাসে রপ্তানি আয় হয়েছে এক হাজার ৭০৪ কোটি ডলারের। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯৬ কোটি ডলার বা ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি। এলসি নিষ্পত্তিকে আমদানি বিবেচনায় নিয়ে হিসাব করলে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৮২ কোটি ডলার হয়েছে। এলসি নিষ্পত্তির তুলনায় প্রকৃত আমদানি কিছুটা বেশি হয়। ফলে চার মাসের হিসাব চূড়ান্ত হওয়ার পর বাণিজ্য ঘাটতি ৮০০ কোটি ডলার ছাড়াতে পারে। প্রথম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছিল ৭৪৭ কোটি ডলার। 
রেমিট্যান্সে এখনও ভালো প্রবৃদ্ধি আছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা এক হাজার ১৪৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১২ দশমিক ৯৭ শতাংশ বেশি। এরপরও ডলারের দর গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে বাড়ছে।
চলতি অর্থবছরের চার মাসের মধ্যে গত অক্টোবরে নিষ্পত্তি হয়েছে ৫৯৫ কোটি ডলারের পণ্য। আগের মাস সেপ্টেম্বরে যা ৬৪৫ কোটি ডলার ছিল। এর আগে আগস্টে ছিল ৬১৯ কোটি এবং জুলাইয়ে ৬২৮ কোটি ডলার। অক্টোবরে মোট ৭৩২ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের মাসে যা ছিল ৮৫২ কোটি ডলার।
ব্যাংকাররা জানান, জোগানের তুলনায় চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দর বাড়ছেই। গতকাল আন্তঃব্যাংকে ১২৪ টাকা ৭৫ পয়সা পর্যন্ত দরে বেচাকেনা হয়। গড় দর উঠেছে ১২৪ টাকা ৬৫ পয়সা। আগের দিন গড়ে ১২৪ টাকা ৪২ পয়সায় বেচাকেনা হয়। চলতি বছরের ১ নভেম্বর দর ওঠে ১২৪ টাকা ৩০ পয়সায়। এর আগে গত অক্টোবরের শুরুতে আন্তঃব্যাংকে ডলারের দর ছিল ১২৩ টাকা। সেখান থেকে বাড়তে বাড়তে অক্টোবরের শেষ কর্মদিবসে ১২৩ টাকা ৯৯ পয়সা হয়। আওয়ামী লীগ পতনের পর থেকে দেড় বছর ধরে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে স্থিতিশীল ছিল। তবে গত মার্চ থেকে একটু করে বেড়ে এ পর্যায়ে এসেছে।