নিয়মিত ভাঙনের মধ্যে মেঘনার মোহনায় পলি জমে দৃশ্যমান হচ্ছে নতুন নতুন চর।
এরমধ্যে মোহনায় বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা তিন দ্বীপ— ভাসানচর, স্বর্ণদ্বীপ ও সন্দ্বীপ রূপ নিচ্ছে ‘অবিচ্ছিন্ন ভূখণ্ডে’।
সাড়ে তিন দশকের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এ তথ্য দিচ্ছেন একদল গবেষক, যার নেতৃত্বে আছেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য (প্রযুক্তি) ড. মো. মাহমুদুর রহমান।
গত অক্টোবরের প্রথম সপ্তাহে গবেষণা নিবন্ধ ছাপা হয় ‘জার্নাল অব কোস্টাল কনজারভেশন’ সাময়িকীতে। গবেষণার শিরোনাম দেওয়া হয়েছে, ‘মনিটরিং দ্য ডায়নামিক ল্যান্ডফর্মস ইন দ্য মেঘনা এসচুয়ারাইন আইল্যান্ডস’।
গবেষণার অংশ হিসেবে ১৯৮৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সাড়ে তিন দশকে ভূমিগঠনের স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করা হয়।
সেই বিশ্লেষণের ফল তুল ধরে মাহমুদুর রহমান বলেন, “আমরা ২০১৮ সালের দিক থেকে কাজ শুরু করি। তখন নজরে আসে যে তিনটা চর মিশে যাচ্ছে। ২০২৫-২৬ সালে এসে দেখি সত্যিই ভেতরের চ্যানেলগুলো মিনিমাম পর্যায়ে চলে এসেছে এবং কন্টিনিউয়াস ল্যান্ডফর্মে রূপ নিয়েছে।”
তিনি বলেন, “বঙ্গোপসাগরে তিনটা চর একসঙ্গে হয়ে এরকম বড় ল্যান্ড ফরমেশন খুব কমন ঘটনা নয়। এটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য ভালো বার্তা নিয়ে আসবে।
“গবেষণার মূল বার্তা এটাই— সন্দ্বীপের সঙ্গে স্বর্ণদ্বীপ (জাহাইজ্জার চর) ও ভাসানচর মার্জ হয়ে একটি বড় ল্যান্ডমাস (ভূখণ্ড) তৈরি করছে। আমাদের গবেষণায় উড়িরচরও আছে, তবে সেটা আলাদা। বলতে পারি, তিনটি দ্বীপ একসঙ্গে মিশে একটি বড় দ্বীপ তৈরি করছে।”
সারাদেশ · ১৩ নভেম্বর ২০২৬ · পূর্বাহ্ণ ১১:৫২ · প্রতিবেদক: সারওয়ার বাবর চৌধুরী
কাছাকাছি আসছে তিন দ্বীপ !
