জামালপুরের গোয়ালঘর থেকে গরু চুরি করে পালানোর সময় বাধা দেওয়ায় সংঘবদ্ধ চোরচক্র এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। এ সময় চোরেরা আরেকজনকেও আহত করে। পরে গরু নিয়ে পালানোর সময় আরও তিনজনকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করে তারা।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উত্তরপাড়া (দিয়ার কৃষ্ণা) গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইমাম হোসেন (৫০) ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আহত অপর ব্যক্তি সেলিম মিয়া (২৮) আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সশস্ত্র চোরের দল ইমাম হোসেনের গোয়ালঘর থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের তিনটি গরু বের করে দুটি গাড়িতে তোলে। আরও একটি গরু নেওয়ার চেষ্টা করলে বিষয়টি টের পান ইমাম হোসেন। তিনি ঘর থেকে বের হতে চাইলে চোরেরা বাইরে থেকে দরজা আটকে দেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
এরপর স্থানীয় কয়েকজন মোটরসাইকেল নিয়ে চুরি হওয়া গরুর খোঁজে বের হন। একপর্যায়ে ডোয়াইল ইউনিয়নের খালেকের মোড় এলাকায় গরুভর্তি একটি পিকআপ দেখতে পান তারা। কাছাকাছি পৌঁছালে চোরচক্রের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ইমাম হোসেন ও সেলিম মিয়া কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত হন। হামলাকারীরা তাদের মোটরসাইকেলের টায়ার ও ট্যাংকি ক্ষতিগ্রস্ত করে এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।
মাগুরিয়াপাড়া এলাকায় সিয়াম, সজীব ও রঞ্জু নামের আরও তিনজনকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করে চোরচক্রের সদস্যরা। তারা অল্পের জন্য রক্ষা পান।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সরিষাবাড়ীর সাতপোয়া, কোনাবাড়ি, মাইজবাড়ি, বলারদিয়া ও নতুন বিশ্বরোড-সংলগ্ন এলাকায় সম্প্রতি চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের দৌরাত্ম্য বেড়েছে। এতে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অস্ত্রধারী এই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।’
গরু চুরিতে বাধা, কৃষককে কুপিয়ে জখম

