এশিয়া কাপ থেকে খালি হাতে ফিরে আসা। ঠিক তার পরপরই এশিয়ান গেমস ক্রিকেটে পদক হারিয়ে ফেলা। সব মিলে নারী ক্রিকেটে দিনকে দিন অবনমন। শুধু অর্জন ও প্রাপ্তির ভান্ডারই খালি হয়নি। দলগত পারফরম্যান্সের গ্রাফ একদম তলানিতে।
ব্যক্তিগত পারফরম্যান্সের দ্যুতি হারিয়ে গেছে। নিগার সুলতানা জ্যোতি, দিলারা আক্তার, জোয়াইরা, সোবহানা মোস্তারিরা রান করতে ভুলে গেছেন। জয় তো সোনার হরিণ, সবাই মিলে ১০০ রান করতেই নাভিশ্বাস উঠে যাচ্ছে।
এরকম খারাপ অবস্থা নারী ক্রিকেটে অনেককাল হয়নি। ব্যক্তিগত ও দলগত পারফরম্যান্স কেন এত বেশি খারাপ? এ বাজে সময়ের অবসান ঘটিয়ে সংকট উত্তরণে করণীয় কী? কোথায় এখন তা নিয়ে আলোচনা-পর্যালোচনা হবে; তা না। কোচ, ক্যাপ্টেন আর ওমেন উইংয়ের মধ্যে চলছে ঝগড়া-বিবাদ। ব্যর্থতার দায় কাঁধে নেবার বদলে শুরু হয়েছে অন্যকে দোষারোপ। আর কাদা ছোড়াছুড়ি।
দল ব্যর্থ হয়েছে। খারাপ খেলার ষোলকলা পূর্ণ করেছে। পাকিস্তানের মেয়েদের কাছে হেরে আগেরবারের ব্রোঞ্জ পদকও হয়েছে হাতছাড়া। ব্যর্থতার দায় মেনে সামনে এগিয়ে যাবার পথ খোঁজাই যেখানে হতে পারতো লক্ষ্য। সেখানে উল্টো দেখা যাচ্ছে দোষারোপের রাজনীতি। এশিয়ান গেমস শেষ হতেই কোচ সারোয়ার ইমরান জাপানে বসে বলে ফেলেছেন, ‘দল ভালো খেলবে কী করে? গেমস ক্রিকেটের মাঝখানে কোচ ও ক্যাপ্টেনকে সাইজ করার হলে দল আর কেমন করবে?’
নারী দলের কোচের বক্তব্য শুনে মনে হয় বিসিবি কিংবা ওমেন উইং এশিয়ান গেমস ক্রিকেটের মাঝপথে বা শুরুর আগে তাকে এবং ক্যাপ্টেন জ্যোতিকে সরিয়ে দেওয়ার কথা বলে তাদের ওপর অস্ফুট চাপ তৈরি করেছিল। সেই চাপ নিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের মতো বড় আসর খেলতে নেমে মেয়েরা তাদের স্বাভাবিক পারফর্ম করতে পারেনি। ব্যর্থ হয়েছে।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সত্যিই কি বিসিবির পক্ষ থেকে এশিয়ান গেমস ক্রিকেট শুরুর সাথে সাথে কোচ ও ক্যাপ্টেনের ওপর কোনো চাপ তৈরি করা হয়েছিল কিনা? বিসিবির কোনো দায়িত্বশীল কর্তা কিংবা ওমেন উইং প্রধান বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবুর কেউ কি এশিয়ান গেমসের পর কোচ ও অধিনায়ককে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন কিনা?
বিসিবি পরিচালক ও ওমেন উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বাবু জাগো নিউজকে পরিষ্কার জানিয়েছেন, ‘না, আমি নিজেও বলিনি, বোর্ড থেকে এরকম কোনো মন্তব্য বা আগাম ঘোষণা দেওয়া হয়নি।’
তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কোচ সারোয়ার ইমরান কোথায় পেলেন, তাকে ও ক্যাপ্টেন জ্যোতিকে সাইজ করা হবে? আজ বৃহস্পতিবার সারোয়ার ইমরানের কাছে এ প্রশ্ন রাখা হলে এ সিনিয়র কোচ উত্তর দেন, ‘না, আমি বোর্ড কিংবা ওমেন উইংয়ের দায়িত্বশীল কোনো কর্তার মুখ থেকে একথা শুনিনি।’
তাহলে আপনি কার কথার প্রেক্ষিতে অমন মন্তব্য করেছেন? এবার সারোয়ার ইমরানের স্বীকারোক্তি, ‘বোর্ড ও নারী ক্রিকেট উইংয়ের কেউ নয়। আমি ও আমরা ফেসবুকে অমন কথা লেখা দেখেছি। বলা হয়েছে এশিয়ান গেমসের পর অধিনায়ক ও কোচকে সাইজ করা হবে।’
কিন্তু বিসিবি ওমেন ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু আজ বৃহস্পতিবার আবারও উল্লেখ করেন, ‘আমরা অমন কোনো কথা কোথাও বলিনি। তাই আমাদের বিপক্ষে এমন বক্তব্য রীতিমতো অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’
বাবু যোগ করেন, ‘এশিয়া কাপে ব্যর্থতার পর এশিয়ান গেমসেও যখন পারফরম্যান্স খারাপ হতে থাকল, তখনো আমরা কেউ কোচ-ক্যাপ্টেনকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলিনি। তাদের গেমসের পর আর রাখা হবে না, এমন কথা না বলে আমরা বলেছি, গেমসের পর আমরা সবাই মিলে বসব। হেড কোচ, অধিনায়ক সবাই মিলে বসে কথা বলব আমরা।’
কিন্তু এখন কোচ সারোয়ার ইমরানের অভিযোগে ওমেন উইং চেয়ারম্যান রীতিমত মতো হতাশ। প্রশ্ন রেখে বলেন, ‘ইমরান ভাই সিনিয়র মানুষ। তাকে অনেক সম্মান করি। কিন্তু তিনিতো আমার ওপরই দোষ চাপাচ্ছেন। আমাদের দায়ী করেছেন। বোর্ডের পে-রোলে থাকা কোচ হিসেবে তিনি কি সেটা এভাবে বলতে পারেন?’
খেলাধুলা · ২৪ সেপ্টেম্বর ২০২৬ · অপরাহ্ণ ৩:৫৪ · প্রতিবেদক: Rahima Khanam
নারী ক্রিকেটে চরম ব্যর্থতা
