ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে দুই পা হারানো রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় কালীগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। সে ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে বিরতির পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান ওই নারী। এতে ট্রেনের চাকার নিচে চাপা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, দুর্ঘটনার শিকার নারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে যশোর হাসপাতালে রেফার করা হয়। যশোর যাওয়ার পথে তার ওই নারীর মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মরদেহ যশোর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যশোর রেলওয়ে পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।