নারীঘটিত অডিও-ভিডিও নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে তাকে বদদোয়া দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা। বগুড়ার একটি ওয়াজ মাহফিলে তিনি বলেন, যারা আলেমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, আল্লাহ যেন তাদের জাতির সামনে অপমানিত করেন।
ওই ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা বলেন, ‘ওরা আজ আলেমদের পেছনে লাগে। ওদের যদি আজ মোবাইল চেক করে দেখবেন....নাউজুবিল্লাহ। চরিত্র বলে কিছু আছে? চাটাচাটি করে এ পদটা যদি আজ না পেত আমার মনে আজ রাস্তা ঝাড়ু দিয়ে খাওয়া লাগতো। ওর তো রাস্তা ঝাড়ু দেওয়ারও যোগ্যতা নেই। ওর কি যোগ্যতা আছে রাস্তা ঝাড়ু দিতে নিবে মানুষ? অথচ সে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।’
রাশেদ খানের বিষয়ে ব্যাখ্যা দিতে আমির হামজা বলেন, ‘মানুষের পেছনে যারা লেগে থাকে এদের কথা যেনো আল্লাহ বন্ধ করে দেয়। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একটা বদ দোয়া করেছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে। আমি আওয়ামী লীগের সময় রিমান্ডে গিয়ে দেখলাম, ডিসি এসপিরা আমাকে মোবাইলে শোনাচ্ছে দেলাওয়ার হোসাইন সাঈদী এক মহিলার সঙ্গে গল্প করছে। একেবারে হুবহু মিলে যাচ্ছে ওনার কণ্ঠ। ওই সময় এআই প্রযুক্তি ইসরায়েলের কাছ থেকে এনেছিলেন হাসিনা। আমাকে বলছে দেখ তোর হুজুর কী করে।’
তিনি বলেন, ‘এখন আবার শুরু করছে আলেমদের বিরুদ্ধে। আল্লামা সাঈদী বদ দোয়া করেছিলেন, আল্লাহ আমার এতো বড় অসম্মান যারা করলো তাদেরকে তুমি জাতির সামনে ল্যাংটা করে দিও। আমিও মুসাফির অবস্থায় কোরআন সামনে নিয়ে আল্লাহর কছম এই বগুড়ার মাটিতে বদ দোয়া দিয়ে গেলাম আমাদের সম্মান দিয়ে যারা ছিনিমিনি খেলছে একটা অক্ষরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’
আমির হামজা বলেন, ‘আল্লামা সাঈদীর বিরুদ্ধে চারশত পৃষ্ঠা ওরা লিখেছিল। একটার সঙ্গেও কি মিল পেয়েছেন? এগুলো সব ভারত করিয়েছে। আজও যারা হক কথা বলতে চাই তাদেরকে থামিয়ে দিতে ঠিক ভারত এটা করছে। যারা চাটাচাটি করে তাদের দিয়ে করাচ্ছে।’
রাজনীতি · ৯ নভেম্বর ২০২৬ · অপরাহ্ণ ১:০০ · প্রতিবেদক: সারওয়ার বাবর চৌধুরী
বদদোয়া দিলেন আমির হামজা
