শেরপুরের শ্রীবরদীতে দাফনের মতো নিজস্ব জমি না থাকায় বসতঘরেই দাফন করা হয়েছে আব্দুল করিম নামে এক বৃদ্ধের মরদেহ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার তাতিহাটী ইউনিয়নের শালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে শেষ সম্বল বলে বসতঘরটিই ছিল আব্দুল করিমের। পৈতৃক সূত্রে ৪০ শতাংশ জায়গা পেলেও কালের বিবর্তনে জায়গা বিক্রি করতে করতে শেষ হয়ে যায়। অন্যদিকে সালমারা গ্রামে বিত্তবান ও সম্পদশালী পরিবারের নিজস্ব কবরস্থান থাকলেও, নেই কোনো গণকবর বা গরিবদের দুঃখীদের দেওয়ার মতো কবরস্থান।
নিহতের মেয়ে করফুলি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের ঘর ছাড়া বাইরে আর কোনো জমি নেই। বাবার মরদেহ দাফন করা নিয়ে নিরুপায় হয়ে বসতঘরের এক কোণে দাফন করেছি। এ গ্রামে গরিব মানুষের জন্য একটি গণকবর প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে আমার চাওয়া।
গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘদিন থেকে এলাকার জনপ্রতিনিধি ও বিত্তবানদের কাছে সালমারা গ্রামে একটি কবরস্থান করার দাবি জানিয়ে আসছি।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহাম্মেদ বলেন, বসতঘরে মরদেহ দাফনের খবর পেয়ে বিষয়টি নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আজ প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে গিয়ে পরিবারের সঙ্গে পরামর্শ করে মরদেহ স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।