লা লিগায় ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই দারুণ ছন্দে ছুটে চলেছে রেয়াল মাদ্রিদ। গত কয়েকটি ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অনুপস্থিতি বুঝতেই দেননি তার সতীর্থরা। 

তাই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, নিষেধাজ্ঞা শেষে তিনি কি সরাসরি শুরুর একাদশে ফিরবেন? উত্তরে কোচ জুজে মরিনিয়ো জানিয়ে দিলেন, শুরুর একাদশে ভিনিসিউসের জায়গা পাকা নয়।
গত মাসে ভিয়ারেয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার পর, বর্তমানে লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন ভিনিসিউস, যার শেষটি মাঠে গড়াবে শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে।
তবে ২০২৪ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারকে ছাড়াই লিগে গত তিন ম্যাচে দারুণ জয় পেয়েছে তার দল; সেভিয়ার বিপক্ষে ৪-১, বার্সেলোনার বিপক্ষে ২-১ এবং সবশেষ রেসিং সান্তান্দেরের বিপক্ষে ৩-০ গোলে।

ম্যাচগুলোয় দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছেন ইয়ান ডিওমান্ডে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় ম্যাচে চারটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে শুরুর একাদশে ভিনিসিউসের জায়গা নেওয়ার দারুণ সম্ভাবনা জাগিয়েছেন আইভরি কোস্টের এই উইঙ্গার।
পূর্বে অনেক মৌসুমে রেয়ালের অনেক সাফল্যের নায়ক ভিনিসিউসকে অবশ্য অনেকবারই প্রশংসায় ভাসিয়েছেন মরিনিয়ো। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে শুরুর একাদশে ভিনিসিউসের জায়গা ফিরে পাওয়া নিয়ে কোনো নিশ্চয়তা দিলেন না।
“আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। একজন খেলোয়াড়কে সুবিধা দিতে গিয়ে আমি কখনোই দলের ক্ষতি করতে চাইনি। ভিনিসিউস যখন স্বাভাবিকভাবে ফিরে আসবে এবং খেলতে প্রস্তুত থাকবে, তখন আমি বিষয়গুলো ম্যানেজ করব।

“আমার খেলোয়াড়দের সেরা অবস্থায় রাখতে আমি সবকিছু করব। প্রতিটা খেলোয়াড়ের সর্বোচ্চ সামর্থ্যে আমি সবসময় আস্থা রাখি। একজন খারাপ খেলোয়াড় সবসময়ই খারাপ থাকবে, তা আপনি তার জন্য যত চেষ্টাই করেন না কেন, আর একজন ভালো খেলোয়াড় তার খারাপ সময়েও ছন্দে ফেরার চেষ্টা করতে থাকে।”
চলতি মৌসুমে অবশ্য এখনও নিজেকে সেরা ফর্মে মেলে ধরতে পারেননি ভিনিসিউস। ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ খেলে কেবল একটিই গোল করেছেন তিনি। তবে সতীর্থরা তার পাশে আছে বলে জানালেন মরিনিয়ো।
“সতীর্থরা খুব সাহায্য করে তাকে এবং (তার প্রতি) আমরা পূর্ণ আস্থা রেখেই এগিয়ে যাব। কিন্তু যখন দলের ভালোর জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় হবে, তখন আমার কাছে দলই প্রাধান্য পাবে।”
ভালেন্সিয়ার মাঠে রেয়ালের ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায়।