ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে। চলতি বছরের আগস্টে দেশটিতে ভ্রমণ করেছেন প্রায় ৬ লাখ ৯১ হাজার বিদেশি পর্যটক। তাদের মধ্যে সবচেয়ে বড় অংশই ছিলেন বাংলাদেশি নাগরিক।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের আগস্টে ভারত ভ্রমণকারী বিদেশি পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ২৫ হাজার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাসটিতে বিদেশি পর্যটক বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ।
আগস্টে ভারতে বিদেশি পর্যটক বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান বাংলাদেশের। মাসটিতে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি পর্যটক ভারতে গেছেন। গত বছরের আগস্টের তুলনায় এই সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেশি।
ফলে আগস্টে ভারতে বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবাজার হয়ে উঠেছে।
ভারতে চীনা পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। আগস্টে চীন থেকে নয় হাজারের বেশি পর্যটক ভারতে গেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা দ্বিগুণেরও বেশি।
ভারত ভ্রমণণের ক্ষেত্রে বাংলাদেশি ও চীনা পর্যটক বৃদ্ধির হার বিশেষ ভাবে নজরে পড়ছে। কারণ সাম্প্রতিক বছর গুলোতে দুই দেশের জন্যই ভারত ভ্রমণে নানা ধরনের বাধা ছিল।
আগস্টে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ভারতে পর্যটক বেড়েছে প্রায় তিন শতাংশ করে। অন্যদিকে কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে পর্যটক বৃদ্ধির হার ছিল ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে।
পর্যটন নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান অতিথি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হেমন্ত যোশির মতে, এই পরিসংখ্যান উৎসাহব্যঞ্জক।
তার মতে, বাংলাদেশ ও চীনের মতো বাজারে পর্যটন পুনরুদ্ধারের ফলে ভারতের বিদেশি পর্যটনের পরিধি আরও বিস্তৃত হতে পারে। তবে এক মাসের তথ্য দেখে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না বলে সতর্ক করেছেন তিনি।
যোশির মতে, পর্যটন মৌসুমি একটি খাত। বিভিন্ন দেশের পর্যটকদের ভ্রমণের ধরনেও সময়ভেদে পরিবর্তন হয়।
এ ছাড়া আগের বছরের তুলনায় কম বা বেশি সংখ্যার ভিত্তিতে এবারের প্রবৃদ্ধির হার প্রভাবিত হতে পারে।