রাজধানীর কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে অপহরণ মামলার এজাহারনামীয় আসামি মো. কালু মিয়া ওরফে মুরগি কালুকে (৪০) গ্রেফতার করেছে এসআরবি-১০।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তপন সরকার বলেন, গত ১৭ আগস্ট সকাল আনুমানিক ৯ট ১৫ মিনিটের দিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় এলাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে ভুক্তভোগী আল আমিন (২৬) চা বিক্রি করছিলেন।
এসময় পূর্ব বিরোধের জের ধরে কালু মিয়াসহ আসামিরা আল আমিনকে মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
পরে তাকে গেন্ডারিয়া থানাধীন ডিস্ট্রিলারী রোডস্থ নির্মাণাধীন ভবনের একটি কক্ষে নিয়ে আটক করে রাখে। খবর পেয়ে গেন্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আল আমিনকে উদ্ধার করে।
তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নুরু বেপারী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় এসআরবি-১০ এর একটি চৌকস আভিযানিক দল বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি কালু মিয়া ওরফে মুরগি কালুকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআরবির এই মিডিয়া কর্মকর্তা।
জাতীয় · ২৪ সেপ্টেম্বর ২০২৬ · অপরাহ্ণ ১:১৪ · প্রতিবেদক: Rahima Khanam
‘মুরগি কালু’ গ্রেফতার
