মা হতে চান বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। নিজের জৈবিক সন্তানের ইচ্ছা যেমন রয়েছে, তেমনি প্রয়োজনে সন্তান দত্তক নেওয়ার বিষয়টিও খোলা মনে দেখছেন তিনি।
সম্প্রতি মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা ও দীর্ঘদিনের একটি ভয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।মাত্র ১৪ বছর বয়সেই শ্রুতিকে বলা হয়েছিল, ভবিষ্যতে মা হতে তার সমস্যা হতে পারে। কারণ, তার পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) ছিল। সেই বয়সে শোনা কথাটি তার মনে গভীর প্রভাব ফেলেছিল।
একটা সময় তিনি ধরে নিয়েছিলেন, হয়তো তার জন্য মা হওয়া সহজ হবে না।সম্প্রতি সোহা আলী খানের সঙ্গে এক পডকাস্টে মাতৃত্ব নিয়ে কথা বলেন ৪০ বছর বয়সী শ্রুতি। সেখানে তিনি জানান, কৈশোরে পাওয়া সেই তথ্যের কারণে দীর্ঘদিন তার মনে সন্তান ধারণ নিয়ে ভয় ছিল।
তবে পরে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর তার সেই ধারণা অনেকটাই বদলে যায়।
চিকিৎসক তাকে বোঝান, PCOS থাকলেই যে একজন নারী মা হতে পারবেন না, এমন নয়। তিনি যখন মা হওয়ার জন্য প্রস্তুত হবেন, তখন প্রয়োজন অনুযায়ী বিষয়টি নিয়ে কাজ করা যাবে।
এখন শ্রুতি নিজের জৈবিক সন্তান নেওয়ার চেষ্টা করতে চান। তবে সন্তান দত্তক নেওয়ার বিষয়েও তিনি আগ্রহী। তার কাছে মা হওয়ার অনুভূতিটাই গুরুত্বপূর্ণ। সন্তানটি তার নিজের শরীরের হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছেন তিনি।
একসময় ১৪ বছর বয়সে যে কথা শুনে মাতৃত্ব নিয়ে ভয় তৈরি হয়েছিল, এখন সেই বিষয়টিকেই অনেক বেশি ইতিবাচকভাবে দেখছেন শ্রুতি।
বিনোদন · ২১ সেপ্টেম্বর ২০২৬ · অপরাহ্ণ ১:২৫ · প্রতিবেদক: Rahima Khanam
মা হতে চান শ্রুতি
