তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের জুটি তখন জমে উঠেছে। প্লেটভর্তি ড্রাগন ফ্রুট নিয়ে প্রেস বক্সে এলেন মাখায় এনটিনি। পাশের কক্ষেই ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। তখন তার ধারাভাষ্যে বিরতি। কাছে গিয়ে বাংলাদেশের সংবাদকর্মী পরিচয় দিতেই দক্ষিণ আফ্রিকার পেস গ্রেট বললেন, “তোমার দল তো দারুণ রিকভারি করেছে। তবে খারাপ লাগছে নতুন ছেলেটির জন্য…।”
সেই ছেলেটির নাম মাহফিজুল ইসলাম। খেলা শুরুর আগের সময়টায় তিনি ছিলেন স্বপ্নের প্রহরে। খেলা শুরু হতেই তা রূপ নিয়েছে দুঃস্বপ্নে। বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার একটি জায়গায় হয়ে গেছেন প্রথম এবং সেটি মোটেও তার বা দলের কাঙ্ক্ষিত ছিল না। টেস্ট অভিষেকে প্রথম বলে আউট হওয়া বাংলাদেশের প্রথম ওপেনার তিনি।
কিন্তু মাহফিজুল প্রথম বলে আউট হওয়ায় এনটিনির খারাপ লাগছে কেন? দক্ষিণ আফ্রিকান হিসেবে তার তো খুশিই হওয়ার কথা!

তবে দক্ষিণ আফ্রিকান পরিচয় ছাপিয়ে ক্রিকেটার হিসেবেই মূলত এনটিনির ওই খারাপ লাগা, “আমার দলের জন্য আমি খুশি। কিন্তু ছেলেটির জন্য খারাপ লাগছে, কারণ জানি, অভিষেক নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল। বছরের পর বছর ধরে কষ্ট করেছে, কত ত্যাগ স্বীকার করেছে এই দিনটির জন্য! অথচ একটি বলও টিকতে পারল না… বেচারা…!”
তখন তাকে বলা হলো, ঘরোয়া ক্রিকেটেও মাহফিজুলের ক্যারিয়ার আসলে খুব লম্বা নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে কেবল এই মৌসুমটিই ভালো করেছেন। এটুকু শুনে এনটিনির কণ্ঠে ঝরল সহানুভূতি, “ওহ ম্যান… দ্যাটস টাফ অন হিম… উপমহাদেশের একটি বাচ্চা ছেলের জন্য দক্ষিণ আফ্রিকায় অভিষেক হওয়া মানে যমের মুখে পড়া…।”
অভিষেকে প্রথম বলে মাহফিজুর নার্ভাস ছিলেন, উপলক্ষের বিশালত্বে তিনি হয়তো হারিয়ে গিয়েছিলেন, ফোকাস নড়ে গিয়েছিল, এই ধরনের অনেক আলোচনাই হলো এনটিনির সঙ্গে। নিজের অভিষেকের কথা মনে করলেন। আরাভিন্দা ডি সিলভার মরেতা কিংবদন্তিকে আউট করে শিকার শুরু করেছিলেন তিনি। তবে হাসতেই হাসতেই বললেন, “বেশ মার খেয়েছিলাম। কাঁচা ছিলাম, নার্ভাসও। এলোমেলো বল করেছিলাম…।”

পরে অবশ্য ঠিকই সম্ভাবনার ছাপ রেখেছিলেন তিনি। তবে চারটি টেস্ট খেলার পর তার ক্যারিয়ারই হুমকিতে পড়ে গিয়েছিল ধর্ষনের মামলায় জড়িয়ে। দোষী প্রমাণিত হয়ে ছয় বছরের জেল সাজাও পান। তবে পরে আপিল করে মুক্ত হয়ে ক্রিকেটে ফেরেন। ততদিনে পেরিয়ে যায় অনেকটা সময়। প্রায় দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে দ্বিতীয় ম্যাচেই শিকার করেন ইনিংসে ছয় উইকেট।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ক্রমে হযে ওঠেন দরের অবিচ্ছেদ্য অংশ, সেখান থেকে কিংবদন্তি। ক্যারিয়ার শেষ করার সময় তার নামের পাশে উইকেট ১০১ টেস্টে ৩৯০টি, ১৭৩ ওয়ানডেতে ২৬৬টি। ওয়াইড অব দা ক্রিজ অ্যাঙ্গল থেকে শরীর তাক করে আসা তার ডেলিভারিগুলো কাঁপন ধরাত ব্যাটসম্যানদের মনে।
তবে স্রেফ বোলিং নিয়ে বললে তাকে নিয়ে বলা হয় না কিছুই। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেটার তিনি, একটি জাতির স্বপ্ন দেখার প্রতীক, অসংখ্য কিশোর-তরুণের প্রেরণার উৎস।
তার অভিষেকের ওই কথার রেশ ধরেই বললেন, “ওকে (মাহফিজুল) তাহলে প্রথম বলে স্ট্রাইক দেওয়া হলো কেন?” পরমুহূর্তেই আবার নিজেই বললেন, “কে জানে, হয়তো নিজেই চেয়েছে…অনেকেই আছে বলের ‘আর্লি ফিল’ নিতে চায়, নন-স্ট্রাইকে থাকলেই বরং বেশি নার্ভাস থাকে…।”
ড্রাগন ফ্রুটের টুকরো মুখে চালান দিতে দিতে একটু পর আবার বললেন, “ওকে (মাহফিজুল) নিয়ে আমার ভয়ের জায়গা হলো, এই আউট ওকে গোটা সিরিজ তাড়া করে বেড়াবে। ক্রিকেট এত মনস্তাত্ত্বিক খেলা… মাঠের ভেতরে ও বাইরে ওর শুধু এই আউটের কথাই বারবার মনে পড়বে…। ওর মানসিক শক্তির একটা পরীক্ষা হযে যাবে ক্যারিয়ারের শুরুতেই…।”
৪৯ বছর বয়সী সাবেক পেসারের হঠাৎ মনে হলো, বোলারকেও তো কৃতিত্ব দেওয়া উচিত! “রাবাদা আগুনে স্পেল করেছে। ওই ডেলিভারি (মাহফিজুলকে আউট করা) হয়তো স্পেশাল কিছু ছিল না, তবে পরে স্পেশাল স্পেল করেছে…।”
তাকে বলা হলো, ‘এই মাঠে সবচেয়ে বেশি উইকেট তো আপনার…?” তিনি বললেন, “এখনও আমারই বেশি নাকি! কতগুলো উইকেট যেন?” উত্তরটাও জানিয়ে দেওয়া হলো, শন পোলক ও তার উইকেট যৌথভাবে ৫৩টি, এই মাঠের সর্বোচ্চ। শুনে তার মুখে চওড়া হাসি, ‘পলি (পোলক) তো আমার সঙ্গে কমেন্ট্রি করছে ওখানে…।”
রেকর্ডের আরেকটি বিস্তারিত তাকে জানানো হলো, উইকেট সমান ৫৩টি হলেও পোলক খেলেছেন ১৩ টেস্ট, এনটিনি ১০টি। কাজেই এগিয়ে রাখা যায় তাকেই!
এবার স্বভাবজাক অট্টহাসিতে ফেটে পড়লেন, “পলিকে আমি এটা নিয়ে খোঁচাব… পুওর চ্যাপ…!”