হ্যারি কেইনের অর্জনের মুকুটে যোগ হতে যাচ্ছে আরেকটি পালক। ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ার দুয়ারে দাঁড়িয়ে তিনি। আর এটাকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি মনে করেন ব্যালন দ’র জয়ী এই স্ট্রাইকার।
বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে নেশন্স লিগে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। আর রোববার তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
ক্রোয়াটদের বিপক্ষে ম্যাচটি হবে ইংল্যান্ডের জার্সিতে কেইনের ১২৬তম ম্যাচ। এই ম্যাচ খেলে গোলরক্ষক পিটার শিল্টনকে ছাড়িয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

ওয়েম্বলিতে ম্যাচটি শুরুর আগে ব্যালন দ’র ট্রফি ইংল্যান্ডের সমর্থকদের সামনে তুলে ধরবেন ৩৩ বছর বয়সি বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড কেইন।
নিজের সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের অনুশীলন মাঠে সাংবাদিকদের সঙ্গে বুধবার কথা বলেন কেইন। সংবাদ সম্মেলন কক্ষে তিনি প্রবেশের পর, তাকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান সাংবাদিকরা। এরপর সম্ভাব্য রেকর্ডের প্রসঙ্গ নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন কেইন।
“আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে অবশ্যই এটি একটি হবে। এটা সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতার প্রমাণ। এতগুলো ম্যাচ খেলতে পারা নিষ্ঠা ও নিবেদনের স্বীকৃতি- ব্যালন দ’র জয়ের পর আড়ালের এই বিষয়গুলো নিয়ে আমি বলেছিলাম। নিঃসন্দেহে এটা আমার ক্যারিয়ারের বড় মাইলফলকগুলোর একটি।”

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটিও কেইনের। এখন আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা ৯১। দ্বিতীয় সর্বোচ্চ গোল ওয়েইন রুনির ৫৩ গোল। ইংল্যান্ডের সর্বকালের সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি। যদিও ইংল্যান্ডের দীর্ঘদিনের বড় শিরোপার অপেক্ষা ঘোচাতে এখনও পারেননি।
ইংল্যান্ড কোচ টমাস টুখেলের চোখে কেইন ‘নিখুঁত অধিনায়ক ও দৃষ্টান্ত স্থাপনকারী নেতা।’ তার খেলার ধরনকে অনন্য উল্লেখ করে টুখেল বলেন, বয়স বাড়ার সঙ্গে আরও পরিণত ও বিচক্ষণ হয়ে উঠেছেন এই ফুটবলার।
কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা কিনা এমন প্রশ্নে টুখেল বলেন, “জানি না, তবে অবশ্যই সে ওই পর্যায়ের। এখন তো সেটি প্রমাণিত। কোনো কিছু প্রমাণিত হলে সব সময়ই ভালো লাগে। এটা সত্যিই দারুণ এক উপলক্ষ।”