গত ২৪ ঘণ্টার অভিযানে রাজশাহী ১৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ১৭টি ককটেল উদ্ধার করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় অপরাধসংক্রান্ত ৬৯টি নতুন মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দুটি হত্যা, একটি দস্যুতা, একটি চুরি এবং একটি নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে। বাকি ৬৪টি মামলা অন্যান্য ধারায় করা হয়েছে। এ সময় রেঞ্জ এলাকায় চারটি অপমৃত্যুর ঘটনাও ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত অভিযানে মোট ১৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত ৫৯ জন, সাজাপ্রাপ্ত ১৩ জন, তদন্তাধীন মামলার আসামি ৬৬ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ছয়জন রয়েছেন। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ১৪৫টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে এক গ্রাম হেরোইন, ১৮৫ পিস ইয়াবা, ১০৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, ৮০ লিটার চোলাই মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটের দুটি পাতা।
এদিকে নাগরিক সেবা কার্যক্রমেও সক্রিয় রয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় এক হাজার ২৭ জন সেবাগ্রহীতাকে পুলিশি সেবা প্রদান করা হয়েছে। চলতি মাসে এখন পর্যন্ত এ রেঞ্জে মোট ৯ হাজার ৬৩১ জন নাগরিক পুলিশি সেবা গ্রহণ করেছেন।
সারাদেশ · ১২ অক্টোবর ২০২৬ · অপরাহ্ণ ২:১৯ · প্রতিবেদক: Rahima Khanam
রাজশাহীতে একদিনে গ্রেফতার ১৪৪
