এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশের বিদায়ের পর সংবাদ সম্মেলনে কঠিন প্রশ্নের মুখে পড়লেন অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের কাছে বড় হারের পর নিজের ব্যর্থতা স্বীকার করলেও নেতৃত্ব ছাড়ার প্রশ্নে সরাসরি ‘না’ বলে দেন তিনি।
একপর্যায়ে সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে লিটন বলেন, ‘রিজাইন করে দিবো? আচ্ছা, এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম।’
দুই ম্যাচে ২ ও শূন্য রান করা লিটন নিজের পারফরম্যান্সকে ‘নট আপ টু দ্য মার্ক’ বলে স্বীকার করেন। তবে অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্নে তার উত্তর, ‘ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের তো কিছু নেই।’
শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ হিসেবে উইকেটকে দায়ী করার প্রসঙ্গও ওঠে। লিটনের মতে, উইকেট কঠিন হলেও পাকিস্তানের এক ব্যাটার অসাধারণ ইনিংস খেলেছেন, আর বাংলাদেশ সেই চাপ সামলাতে পারেনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি। প্রথম আট ওভার খুবই ভালো বোলিং করেছি। এরপর একটা ব্যাটসম্যান এই উইকেটে যেরকম শট খেলেছে, সেটা খুবই কঠিন ছিল। সে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের বোলাররা সেখান থেকে কীভাবে কামব্যাক করবে, তার কোনো ক্লু পায়নি। ব্যাটিংয়েও আমরা আপ টু দ্য মার্ক ছিলাম না।’
খেলাধুলা · ৩ অক্টোবর ২০২৬ · অপরাহ্ণ ৩:৪৪ · প্রতিবেদক: Rahima Khanam
রিজাইন করে দিবো?
