নীলফামারীর মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন, যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 
এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেইনটি চিলাহাটিত অবস্থান করে এবং খুলনা থেকে রুপসা ট্রেনটি প্রায় দুই ঘণ্টা থামিয়ে রাখা হয়।
মানববন্ধন চলাকালে বিক্ষোভকারীরা বলেন, জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন মিরজাগঞ্জ। অথচ এখানে তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
স্টেশনটি জোড়াবাড়ী ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। স্থানীয় ব্যবসায়ীরাও দূরপাল্লায় মালামাল পরিবহনে এ স্টেশন ব্যবহার করেন। তাই এই যৌক্তিক দাবি মেনে না নিলে, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।