আখ চাষে পরিবেশের উপকারকে আয়ের উৎসে রূপ দিতে চায় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। লোকসান, ঋণের সুদ আর বন্ধ চিনিকলের চাপ সামলাতে ‘কার্বন ক্রেডিট’ থেকে আয়ের নতুন এ পথ খুঁজছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি।
সংস্থাটির হিসাবে, এর সম্ভাব্য আর্থিক মূল্য ১২৮ কোটি টাকার বেশি। তবে এই অর্থ আয় করতে আন্তর্জাতিক স্বীকৃতি ও যাচাইয়ের প্রয়োজন। সেই পথ খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
পাশাপাশি চিনিকলের উপজাত ও অব্যবহৃত জমি কাজে লাগিয়েও আয় বাড়াতে চায় দীর্ঘদিন থেকে লোকসানের বোঝা বয়ে চলা সংস্থাটি।
তবে কার্বন শোষণ থেকে আয় করার এ অর্থ এখনও সংস্থার আয় হিসাবে যুক্ত হয়নি। আন্তর্জাতিক গবেষণার তথ্য ব্যবহার করে হিসাবটি তৈরি করা হলেও এর পক্ষে নিজস্ব কোনো পূর্ণাঙ্গ গবেষণা নেই। কার্বন ক্রেডিট হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টিও এখনও নিশ্চিত হয়নি।
জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৃহস্পতিবারের বৈঠকে উপস্থাপনের তৈরি কার্যপত্রে এসব বিষয় তুলে ধরেছে বিএসএফআইসি।
এতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থার আওতাধীন জমিতে আখচাষের মাধ্যমে আনুমানিক ১১ লাখ ৪৩ হাজার টন ‘কার্বন ক্রেডিট’ অর্জিত হয়েছে। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ১ হাজার ১২৪ টাকা। এই পরিমাণ ও মূল্য গুণ করলে তাত্ত্বিক আর্থিক মূল্য দাঁড়ায় ১২৮ কোটি ৪৭ লাখ ৩২ হাজার টাকা।
সংস্থাটি এটিকে আর্থিক সুবিধায় রূপ দেওয়ার চেষ্টা করছে। এ খাত থেকে অর্থ পাওয়া গেলে তা আখচাষিদের মধ্যে বিতরণের পরিকল্পনাও করছে চিনিকলগুলোর দেখভালকারী সংস্থাটি।
বিএসএফআইসির সচিব মোহাম্মদ মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আখ একটি সি-ফোর শ্রেণির উদ্ভিদ। এ ধরনের উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে শর্করা তৈরি করতে পারে। দীর্ঘসময় জমিতে আখগাছ থাকায় কার্বন শোষণের সুযোগও তৈরি হয়।
এ নিয়ে নিজেদের ‘পূর্ণাঙ্গ’ গবেষণা না থাকলেও তিনি বলেন, এক একর জমিতে কতটি আখগাছ থাকে এবং প্রতিটি গাছ কী পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে, তা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা পর্যালোচনা করেছে সংস্থাটি।
কার্বন ক্রেডিট থেকে কোনো অর্থ পাওয়ার তথ্য দিতে পারেননি সচিব। বলেন, আন্তর্জাতিক গবেষণার ভিত্তিতে আখের কার্বন শোষণের বিষয়টি তুলে ধরে পরিবেশ ও জলবায়ু-সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করছেন তারা। সেই অর্থ পাওয়া গেলে আখচাষিদের মধ্যে বিতরণের পরিকল্পনা রয়েছে।
আখচাষে ১২৮ কোটি টাকা আয়ের হিসাব

