গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। 
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার আন্দোলন করেন। সেদিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
শনিবার সকালে কারখানাগুলোতে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবারের আন্দোলনে আহত ওই শ্রমিক মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীর। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে তাদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকরা সড়কে নেমেছেন। আধা ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।