নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে থাকা দুই শিক্ষার্থীকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতি ও শনিবার তাদের স্থানান্তর করা হয় বলে জানিয়েছেন সেখানকার আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।
তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ দুজন ছাড়া ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আর কেউ হাসপাতালে চিকিৎসাধীন নেই। আইসিইউতে থাকা বাকি দুই শিক্ষার্থী আগেই ছাড়া পেয়েছেন।

চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর বিষয়ে ডা. সুলতান মাহমুদ বলেন, “আইসিইউতে থাকা ওই দুই রোগীর মধ্যে একজন মেকানিকাল ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টায় তাকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
“বর্তমানে তার কোনো কৃত্রিম অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হচ্ছে না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের পুরুষ হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে।”
তিনি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অপর রোগীর অবস্থারও আশাব্যঞ্জক উন্নতি ঘটেছে। তারও বর্তমানে কোনো অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ছে না। ফলে তাকে আইসিইউ থেকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।