ঢাকার ধামরাইয়ে গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তাসহ চারটি বাড়ির সামনে কাফনের কাপড়, আতর ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গত মাসে আগুনে ক্ষতিগ্রস্ত মোছলেহ উদ্দিনের পরিবারকে যারা সহযোগিতা করেছিলেন, তাদের বাড়ির সামনেই এসব সামগ্রী রাখা হয়েছে।
মোছলেহ উদ্দিনের ছেলে সাজিদুল ইসলাম জানান, ২০ অক্টোবর তাদের বসতঘরে আগুন দেওয়া হয় এবং মুঠোফোনে হুমকিও দেওয়া হয়েছিল। থানায় অভিযোগ করেও সহযোগিতা পাননি বলে দাবি করেন তিনি নতুন ঘটনায় একটি চক্রকে সন্দেহ করে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বলে দাবি করেন তিনি।
গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী ওয়াহিদ ভূইয়া রিপন বলেন, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার পর সহযোগিতা করায় তাদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছেন তারা।
ভুক্তভোগীরা রাতে ও সকালে ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চাইলে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয় বলে জানান তারা।
ধামরাই থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) দেবাশীষ ছানা বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।