ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র ঠেকানোর কথা বলে সড়কে টহল দিচ্ছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ নভেম্বর) বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান মোহনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী মোটরসাইকেলে ও হেঁটে বিভিন্ন এলাকায় টহল দেন। পরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে দেওয়ান সিএনজি পাম্পের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদুজ্জামান মোহন।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের লোকজন নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি তুলে ধরবে, এতে তাদের পাশে আছে স্বেচ্ছাসেবক দল। সরকারও শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করবে বলে আমরা মনে করি। তবে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সরকার বরদাশত করবে না। তিনি আরও বলেন, শ্রমিকদের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করি। তারা তাদের ন্যায্য দাবি করবে। তাদের প্রশাসনের কাছে তুলে ধরবে। তাদের সঙ্কট হচ্ছে। জিনিসপত্রের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনারা ন্যায্য দাবি মেনে নেন। সেটা সরকার ও মালিকপক্ষ সমন্বয় করবে। শ্রমিকদের সেই দাবি বিবেচনা করবে। কিন্তু কোনও রকম চক্রান্ত, কোনও অস্থিতিশীলতা মেনে নেবে না। আমরা রাস্তায় আছি। যতক্ষণ ষড়যন্ত্র চলবে, আমরা রাস্তায় থাকবো।